দৈনিক জনকণ্ঠের ছাঁটাইপত্র প্রত্যাহার ও বকেয়া পরিশোধে ডিইউজের ৭২ ঘণ্টার আলটিমেটাম
আগামী ৭২ ঘণ্টার মধ্যে দৈনিক জনকণ্ঠ থেকে ছাঁটাইকৃত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের ছাঁটাইপত্র প্রত্যাহার এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধানের আহ্বান জানিয়ে অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জনকণ্ঠ ভবনের সামনে প্রতিষ্ঠানটিতে গণছাঁটাই ও হয়রানির প্রতিবাদে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এই দাবি জানানো হয়।
অবস্থান কর্মসূচিতে ডিইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, জনকণ্ঠ কর্তৃপক্ষ সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে চলমান সংকটের দ্রুত সমাধান করুক। অন্যথায় উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়ভার কর্তৃপক্ষকেই বহন করতে হবে। অনুষ্ঠানে ডিইউজের সিনিয়র সহ-সভাপতি রফিক মুহাম্মদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকনসহ অন্যান্য সাংবাদিক নেতারা বক্তব্য দেন এবং কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা অভিযোগ করেন, কর্তৃপক্ষ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে কোনো ধরনের লে-অফ ঘোষণা ছাড়াই ১৪০ জন সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে অন্যায্যভাবে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে। কর্মসূচিতে জানানো হয়, ছাঁটাই নোটিশপ্রাপ্তদের প্রায় ৯০ শতাংশই ৩০ থেকে ৩৪ বছর ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত। এছাড়া বিভিন্ন বিভাগের প্রায় শতভাগ কর্মীকেই ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছে এবং অবশিষ্টদের বিরুদ্ধেও বিভিন্ন অজুহাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কর্মীদের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেবে এবং তাদের ন্যায্য দাবি আদায়ে পাশে থাকবে। কর্মসূচি থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয় যে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ছাঁটাই ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং পত্রিকার স্বাভাবিক কার্যক্রম চালু না হলে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।



















