দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯২
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছে ৪ জন। এই সময়ের মধ্যে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই ভয়াবহ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে এবং হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৭৭১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৭৬ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ শীর্ষ অবস্থানে রয়েছে।
একই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ জন। এর পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরও ১ লাখ ১৪ হাজার ১৬৪ জন। ঢাকা বিভাগে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে সর্বোচ্চ ৩৫৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৬০১ জন।



















