দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৬ জন
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩ জনেরই মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। একই সময়ে নতুন করে আরও ৭৯৬ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ জুন সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে মৃত্যুর প্রমাণ মিলেছে ৯২ শিশুর শরীরে। বাকি ৫৫৬ জন শিশু মারা গেছে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে।
একই সময়ের মধ্যে সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৪৮ জন এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও ৮৪ হাজার ৮৯৯ জন। আক্রান্ত ও মৃত্যুর এই পরিসংখ্যানের দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।
এখন পর্যন্ত শুধু ঢাকা বিভাগেই হাম ও এর উপসর্গ নিয়ে সর্বোচ্চ ২৯১ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে এই বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৫১৪ জনে। দেশের সার্বিক এই পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ নজরদারির কথা ভাবা হচ্ছে।



















