দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল ১ লাখ ১৭ হাজার
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে কেবল ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫১ জন শিশু এ রোগে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রমতে, গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে ৯৫ জন শিশুর মৃত্যু হামে হয়েছে বলে প্রমাণিত হয়েছে এবং ৬৯৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
গত সাড়ে চার মাসে সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৪৩১ জন। এর বাইরে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জন শিশু। সার্বিক চিত্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী কেবল ঢাকা বিভাগেই হাম ও হামের উপসর্গ নিয়ে ৩৭১ জন শিশু প্রাণ হারিয়েছে। এ ছাড়া এই বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ১৭০ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভাগগুলো তদারকি জোরদার করেছে।

















