বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১:২৮

দেশে ধীরে ধীরে গণতন্ত্র ও মুক্তচিন্তার জায়গা সংকুচিত হচ্ছে, অভিযোগ নাহিদ ইসলামের

প্রতিবেদক
staffreporter
আগস্ট ১৭, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
দেশে ধীরে ধীরে গণতন্ত্র ও মুক্তচিন্তার জায়গা সংকুচিত হচ্ছে, অভিযোগ নাহিদ ইসলামের

দেশে ধীরে ধীরে গণতন্ত্র ও মুক্তচিন্তার জায়গা সংকুচিত হচ্ছে, অভিযোগ নাহিদ ইসলামের

বিএনপি সরকারের বর্তমান শাসনআমলে দেশে ধীরে ধীরে গণতন্ত্র এবং স্বাধীন মতপ্রকাশের সুযোগ সংকুচিত হয়ে আসছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। গণতান্ত্রিক অধিকার রক্ষায় রাজনৈতিক দলের পাশাপাশি সাংবাদিকদেরও একযোগে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, গ্যাস বা বিদ্যুতের মতো মৌলিক দাবির গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা বা বাস ভাঙচুরের মতো সহিংসতার সঙ্গে ট্যাগ করা শুভলক্ষণ নয়। বিরোধী দল যেমন সংসদে কথা বলবে, তেমনই রাজপথেও স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে এবং এটিই একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক চরিত্র। সাংবাদিকদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি স্পষ্ট করেন যে, রাজনৈতিক বা ব্যবসায়িক প্রভাব থেকে মুক্ত রেখে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্ব।

সাবেক তথ্য উপদেষ্টা হিসেবে নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কাজ করতে দেওয়া হয়নি। গণমাধ্যম সংস্কার কমিশনের যে ইতিবাচক সুপারিশগুলো তৈরি হয়েছিল, বর্তমান সরকার সেগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়নি বলেও তিনি আক্ষেপ প্রকাশ করেন। ব্যক্তির ইচ্ছার ওপর গণতন্ত্র টিকতে পারে না উল্লেখ করে তিনি গণমাধ্যমের মতো প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও শক্তিশালী করার জোর দাবি জানান।

অনুষ্ঠানে গণমাধ্যমে সহিংসতা বা অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি, গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক সারজিস আলমসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি