দেশে ডেঙ্গু আক্রান্ত প্রায় ৬০ হাজার, মৃত্যু ২৪৫ জনে পৌঁছেছে
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৯৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৮৪৯ জনে। একই সময়ে বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। ফলে এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু সংক্রমণের হার যেভাবে বাড়ছে, তা নভেম্বর কিংবা শীতের মৌসুমে আরও তীব্র হতে পারে। এমনকি এর প্রভাব আগামী বছর পর্যন্তও স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে ৬৪ শতাংশই পুরুষ। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৬ থেকে ৩০ বছর বয়সী। ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৫ জন, আর ঢাকার বাইরের এলাকায় আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। এর মধ্যে বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি—১৯১ জন।
চলতি বছর সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছিল গত সেপ্টেম্বর মাসে। তবে অক্টোবরেও ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। মাসের শুরুতে টানা বৃষ্টিপাত থাকলেও গত এক সপ্তাহে তা কিছুটা কমেছে। তবে সপ্তাহের শেষে নতুন নিম্নচাপের কারণে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা এডিস মশার বিস্তার বাড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

















