দেশে আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে, মন্তব্য সাইফুল হকের
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের তীব্র খরা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সোমবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে দলটির প্রাক্তন সভাপতি কমরেড খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে নিজেদের উজাড় করে দিয়ে দেশ ও মানুষের কল্যাণে সারাজীবন উৎসর্গ করার মতো নিবেদিতপ্রাণ নেতৃত্বের অভাব গভীরভাবে দেখা যাচ্ছে।
কমরেড খন্দকার আলী আব্বাসের স্মৃতি ও রাজনৈতিক অবদান স্মরণ করে সাইফুল হক বলেন, তিনি ছিলেন দেশ ও মানুষের জন্য নিবেদিতপ্রাণ এবং বৃহত্তর ঢাকা ও মানিকগঞ্জের এক কিংবদন্তিতুল্য রাজপথের নেতা। বামপন্থী রাজনীতির বিকাশ ও সাধারণ মানুষের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে তাঁর অবদানের কথা স্মরণীয় করে রাখার আহ্বান জানান তিনি। সভার শুরুতে প্রয়াত এই নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্টির শীর্ষস্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ।
বর্তমান রাজনৈতিক সংস্কৃতির কঠোর সমালোচনা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরেও রাজনৈতিক নেতাদের মনস্তত্ত্ব ও আচরণে আশাব্যঞ্জক পরিবর্তন আসেনি। রাজনীতি এখন নিছক দ্রুত ক্ষমতা অর্জন ও অর্থবিত্ত গড়ে তোলার হাতিয়ারে পরিণত হয়েছে। এমনকি অন্তর্বর্তী সরকারের দেড় বছরে তরুণদের একটি অংশের মধ্যেও ক্ষমতার মোহ তৈরি করে তাদের উজ্জ্বল সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
রাজনৈতিক অচলাবস্থা ও বর্তমান সংকট উত্তরণে খন্দকার আলী আব্বাসের মতো ত্যাগী নেতাদের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন বক্তারা। রাজনীতিকে আবারও জনকল্যাণমূলক ধারায় ফিরিয়ে আনতে এবং সততার সংস্কৃতি গড়ে তুলতে অতীত সংগ্রাম ও মূল্যবোধ থেকে শিক্ষা নেওয়ার ওপর বিশেষ জোর দেন সাইফুল হক।



















