দুর্গাপূজা বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে: মাহফুজ আলম
গতবারের তুলনায় এবারের দুর্গাপূজা আরও বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবে উপদেষ্টা এ তথ্য জানান। মাহফুজ আলম বলেন, দুর্গাপূজাকে উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সংশ্লিষ্ট সকলকে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সহায়তার জন্য ধন্যবাদ জানান।
উপদেষ্টা আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য আমাদের ইতিহাসের অংশ। বাংলাদেশের ইতিহাস হিন্দু-মুসলিম ঐক্যের মাধ্যমে গড়ে উঠেছে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বহু ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন সরকার প্রধানের নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সেই সময় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যারা শহিদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। মাহফুজ আলম বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গঠনের জন্য সব সম্প্রদায়ের মানুষের সহযোগিতা কামনা করেন।



















