দুর্গাপূজা প্রতিমা বিসর্জনে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করছে ডিএমপি
দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স এবং গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
গতকাল বুধবার বিকালে বনানী পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, যেখানে প্রতিমা বিসর্জন হবে সেখানে ইতিমধ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকসংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্য দায়িত্বে থাকবেন।
তিনি নগরবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ করেন, যারা সাঁতার জানেন না তারা নৌকায় উঠবেন না। যারা সাঁতার জানেন তাদেরও লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠতে হবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
ঢাকায় মোট ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। কমিশনার বলেন, “আজ নবমী, আগামীকাল বিসর্জন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এক মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সদর দপ্তরের সঙ্গে বৈঠক করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে উৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।”
ডিএমপি কমিশনার আরও যোগ করেন, দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায় শত শত বছর ধরে মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি যেন নষ্ট না হয়, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।



















