দুর্গাপূজায় সরকারি ছুটি তিনদিনের দাবি হিন্দু মহাজোটের
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী—এই তিন দিনের সরকারি ছুটি সহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। পাশাপাশি পূজার নিরাপত্তা জোরদার করা, প্রতীমা ভাঙচুর রোধ এবং মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি করা হয়েছে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মহাজোটের পক্ষ থেকে এই দাবিগুলো উত্থাপন করা হয়। মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে লিখিত বক্তব্যে বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পাঁচ দিনব্যাপী হলেও বর্তমানে মাত্র দুদিন সরকারি ছুটি থাকে। এর ফলে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করতে পারেন না বা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে অসুবিধার মুখে পড়েন।”
তিনি আরও জানান, পূজা ঘিরে সাম্প্রদায়িক হামলার ঝুঁকি রয়েছে। ইতিমধ্যেই চারটি জেলায় প্রতীমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
হিন্দু মহাজোটের চার দফা দাবি হলো:
- দুর্গাপূজায় সরকারি ছুটি তিনদিন করা (অষ্টমী, নবমী ও দশমী)।
- প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজা মন্দিরে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা এবং পূজা চলাকালীন নিরাপত্তা জোরদার করা।
- গত বছরের মতো পূজার সময় সেনাবাহিনীর টহল ব্যবস্থা করা।
- পূজার নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয়ভাবে একটি মনিটারিং সেল গঠন করা।
মহাজোট সরকারের কাছে এই দাবি পূর্ণমুখী বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন।


















