দীর্ঘ দুই বছর পর আবারও শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা পুনরুজ্জীবিত করতে আবারও ট্রেন চালু নিয়ে জোর তোড়জোড় শুরু হয়েছে। এর অংশ হিসেবে খুব শিগগিরই দুই দেশের মধ্যে আবারও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুঁড়ি এবং বাংলাদেশের রাজধানী ঢাকার মাঝে চলাচলকারী ‘মিতালী এক্সপ্রেস’ নতুন করে চালুর কাজ দ্রুত গতিতে চলছে। ইতোমধ্যে বাংলাদেশ ও ভারতের উচ্চপদস্থ রেল কর্মকর্তারা এই ট্রেন চলাচল শুরুর বিষয়ে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। বৈঠক শেষে মিতালী এক্সপ্রেস পুনরায় লাইনে নামানোর ব্যাপারে সবুজ সংকেত মিলেছে এবং ভারতীয় রেল মন্ত্রণালয় এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
রেললাইনের নিরাপত্তা পরীক্ষা এবং অন্যান্য প্রযুক্তিগত কাজ ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়ে গেছে। ফলে আর অল্প কয়েকদিনের মধ্যেই ট্রেনের চূড়ান্ত সময়সূচি এবং টিকিট বুকিংয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এদিকে গত সপ্তাহ থেকে বাংলাদেশিদের জন্য আবারও টুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে ভারত। সংশ্লিষ্টরা ধারণা করছেন, নতুন করে ভিসা সেবা চালু হওয়ায় মিতালী এক্সপ্রেসের পাশাপাশি ধীরে ধীরে ‘মৈত্রী’ ও ‘বন্ধন’ এক্সপ্রেস ট্রেন দুটিও লাইনে ফিরবে।



















