দীর্ঘ তিন বছর পর ধ্বংসস্তূপের মাঝে গাজায় ফের শুরু হয়েছে সরাসরি ক্লাস
ভাঙাচোরা ভবন, অস্থায়ী তাঁবু এবং টিনের ছাপড়ার নিচে গাদাগাদি করে বসেছে হাজার হাজার শিশু। ইউনিফর্ম বা পর্যাপ্ত খাতা-কলম না থাকলেও দীর্ঘ প্রায় তিন বছর পর গাজা উপত্যকায় ফের সরাসরি শুরু হয়েছে স্কুল পাঠদান কর্মসূচি। ইউনিসেফের তথ্য মতে, যুদ্ধকালে গাজার প্রায় ৯৮ শতাংশ স্কুল ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৬ লাখ ৬০ হাজার শিশু স্বাভাবিক শিক্ষাগ্রহণ থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল।
খান ইউনিসের শিক্ষা বিভাগ জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ২২ হাজার শিক্ষার্থী এবং ৭৭০ জনেরও বেশি শিক্ষাকর্মী নিহত হয়েছেন। এত বড় ক্ষয়ক্ষতি সত্ত্বেও ২০২৬-২৭ শিক্ষাবর্ষ শুরুর মাধ্যমে এক ভঙ্গুর আশার আলো দেখছেন স্থানীয়রা। তীব্র গরম, প্রয়োজনীয় পোশাকের অভাব আর সহপাঠী হারানোর বেদনার মধ্যেও শিক্ষার্থীরা জানিয়েছে, তাঁবুর নিচে বসেই তারা তাদের শিক্ষার স্বপ্ন পূরণ করতে চায়।
চলতি বছর আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন সংস্থার সহায়তায় তাঁবু, তেরপল ও কাঠ দিয়ে অসংখ্য অস্থায়ী লার্নিং সেন্টার গড়ে তোলা হয়েছে। গাজার শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইউনিসেফের সহায়তায় প্রায় ৫ লাখ ৪০ হাজার শিক্ষার্থী এসব অস্থায়ী কেন্দ্রে সরাসরি অংশ নেবে। তবে ইসরায়েলি আমদানিনিষেধের কারণে শিক্ষা উপকরণের দাম আকাশছোঁয়া হয়ে ওঠায় চরম সংকটে পড়েছেন সাধারণ অভিভাবকরা।
দীর্ঘদিনের সংঘাত ও যুদ্ধবিরতির পরও অবকাঠামোগত সংকট ও চরম আতঙ্কের মাঝেই ফিলিস্তিনি শিশুরা তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। শিক্ষাসামগ্রীর চরম সংকট এবং শ্রেণিকক্ষের অপ্রতুলতা সত্ত্বেও বেঁচে থাকার ও শেখার অদম্য আগ্রহ নিয়ে ক্লাসে ফিরেছে তারা।



















