দীপাবলিতে শব্দবাজির কারণে অসুস্থ হয়েছেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় দীপাবলির রাতে পাশের আবাসন থেকে একটানা বাজি ফোটানোর কারণে অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার রাতেই কলকাতার বাগবাজার এলাকায় এই ঘটনা ঘটে। জানালা বন্ধ রাখলেও বাজির তীব্র শব্দ থেকে তিনি রক্ষা পাননি। পরে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে সুরজিৎ লিখেছেন, “আমার পাড়া বাগবাজার স্ট্রিটের ৩২ নম্বর ফ্ল্যাটবাড়ির ছাদে ভয়াবহ শব্দবাজি ফাটানো হচ্ছে। আমি অসুস্থ বোধ করছি।”
তার এই পোস্ট ভাইরাল হওয়ার পর ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘বাড়ির উঠানে গিয়েছিলাম, হঠাৎ ভয়ানক শব্দে বুক ধড়ফড় করতে থাকে। হাত-পা অবশ লাগছিল। একাধিকবার ১০০ নম্বরে ফোন করেও কোনো সাহায্য পাইনি। পরে চিকিৎসকের সঙ্গে কথা বললে তিনি স্নায়ু শিথিল করার ওষুধ নিতে বলেছেন।’
অভিনেতা অনুরোধ করেছেন, ‘দয়া করে শব্দবাজি ফাটানো বন্ধ হোক।’ যদিও পশ্চিমবঙ্গে দীপাবলি উপলক্ষে শব্দবাজি নিষিদ্ধ থাকলেও প্রতিবছরই এই নির্দেশনা যথাযথভাবে মানা হয় না। এবারও শব্দবাজির কারণে শহরের বিভিন্ন এলাকায় বায়ুদূষণ ও শব্দদূষণ বেড়ে গেছে।


















