দিনেই প্রযুক্তির সাহায্যে সংযুক্ত আরব আমিরাতে জিলহজ মাসের চাঁদের ছবি ধারণ
সংযুক্ত আরব আমিরাতে আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হলেও এর আগেই দিনের আলোতে আবুধাবির আকাশে চাঁদের ছবি তোলা হয়েছে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষক কেন্দ্র স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে বিশেষ প্রযুক্তির ব্যবহার করে এই অর্ধচন্দ্রের ছবি ধারণ করে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, যখন ছবিটি ক্যামেরাবন্দি করা হয় তখন চাঁদটির বয়স ছিল মাত্র ৯ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ৭ দশমিক ৮ ডিগ্রি দূরে অবস্থান করছিল। জ্যোতির্বিদ মোহাম্মদ শওকত ওদেহের নেতৃত্বে খালফান আল নুয়াইমি, ওসামা ঘান্নাম এবং আনাস মোহাম্মদের সহায়তায় এই বিরল ছবিটি ক্যামেরাবন্দি করা সম্ভব হয়।
এদিকে প্রযুক্তির সাহায্যে ছবি তোলা হলেও আরব আমিরাত সরকারের পক্ষ থেকে আজ সন্ধ্যায় দেশের সাধারণ মানুষকে খালি চোখে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, সূর্যাস্তের পর কেউ যদি খালি চোখে বা দূরবীক্ষণের মাধ্যমে আকাশে চাঁদ দেখতে পান, তবে যেন তা সঙ্গে সঙ্গে স্থানীয় চাঁদ দেখা কমিটিকে অবহিত করেন।
আজ সন্ধ্যায় আকাশে চাঁদের দেখা মিললে আগামী ২৬ মে আরাফাহর দিন এবং ২৭ মে আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জ্যোতির্বিদদের পূর্বানুমান এবং বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আজ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী আরব বিশ্বে আগামী ২৭ মে ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।



















