দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল
ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। এই জয়ের মাধ্যমে যুব টাইগাররা ২টি জয় থেকে অর্জন করেছে ৪ পয়েন্ট। ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে লড়বে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।
আজ শুক্রবার ইরেনে কান্ট্রি ক্লাব মাঠে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল ইউএসএসএ। শুরুতেই এক ওপেনার বিদায় নিলেও অপর ওপেনার লুডউইচ স্কুল্ড এবং তিন নম্বরে নামা ডেভিড টিগারের জোড়া অর্ধশতকে শক্ত ভিত পায় তারা। তবে ৫৭ বলে ৭২ রান করা টিগারের বিদায়ের পর খেই হারিয়ে ফেলে দলটির ব্যাটিং লাইনআপ। ১ উইকেটে ১২৬ রান তোলা দলটি শেষ পর্যন্ত মাত্র ১৬৬ রানেই অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৪টি এবং আমিনুল ইসলাম বিপ্লব ও রোহানাতদৌলা বর্ষণ ২টি করে উইকেট নেন।
১৬৭ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যর্থ হন বাংলাদেশের দুই ওপেনার মাহফিজুল রবিন ও হাবিবুর রহমান সোহান। তবে শুরুর ধাক্কা সামলে ইনিংসের হাল ধরেন শাহাদাত হোসেন দিপু এবং ইফতিখার হোসেন ইফতি। ইফতি ১৭ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন ইরফান শুক্কুর। তিনি ৩৯ বলে ঝড়ো ৫৮ রানের ইনিংস খেলেন। অন্যদিকে দিপু ৫৬ বলে ৭৩ রান করে অপরাজিত থেকে বাংলাদেশকে জয় এনে দেন।



















