তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসী গ্রহণ স্থায়ীভাবে বন্ধের ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলির ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী প্রবেশ বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। এতে বিশ্বব্যাপী ব্যাপক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে, কারণ প্রতিবছর তৃতীয় বিশ্বের অসংখ্য মানুষ শিক্ষা, চাকরি ও উন্নত জীবনের সন্ধানে যুক্তরাষ্ট্রে যায়।
ঘটনার সূত্রপাত ঘটে যখন এক আফগান নাগরিক ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেন। তিনি পূর্বে আফগানিস্তানে অবস্থানকালে মার্কিন সেনাবাহিনী ও সিআইএর সঙ্গে কাজ করেছেন। ২০২১ সালে তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিশেষ ব্যবস্থায় তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় পান। এই ঘটনার পর পুরো অভিবাসন ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ বলে দাবি করছেন ট্রাম্প।
ট্রুথ সোশালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, “প্রযুক্তিতে আমরা এগোলেও ভুল অভিবাসন নীতি সব নষ্ট করে দিচ্ছে। বহু মানুষের জীবনও কঠিন হয়ে উঠছে।” তিনি জানান, তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসী আসা পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও লিখেছেন, “বাইডেনের আমলে যারা অবৈধভাবে ঢুকেছে, তাদের থাকার অনুমতি বাতিল করা হবে। যারা যুক্তরাষ্ট্রের উপকারে আসে না বা দেশকে মন থেকে ভালোবাসতে পারে না—তাদের সবাইকে বের করে দেওয়া হবে। বিদেশিদের সরকারি সুবিধা ও আর্থিক সাহায্যও বন্ধ করে দেওয়া হবে। যারা দেশের শান্তি নষ্ট করবে, তাদের নাগরিকত্বও কেড়ে নেওয়া হবে।”
ট্রাম্পের দাবি, এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো অবৈধ ও সমস্যা–সৃষ্টিকারী অভিবাসীর সংখ্যা কমানো। বিশেষ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিরাও এই নীতির আওতায় পড়বে।
অবশেষে তিনি অভিবাসীদের উদ্দেশে বলেন, “যুক্তরাষ্ট্রের পরিস্থিতি উন্নত করতে হলে অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরে যেতে হবে। এটিই একমাত্র সমাধান।”

















