তুরস্ক ও পাকিস্তানের পর ফ্রান্সের সাথে সৌদির প্রতিরক্ষা চুক্তি
তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ নামক ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এবার ফ্রান্সের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি করেছে সৌদি আরব।মঙ্গলবার প্যারিসের এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে দ্বিপক্ষীয় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। সৌদি আরবের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং ফ্রান্সের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভৌত্রিন এতে স্বাক্ষর করেন।
নতুন এই চুক্তির মূল লক্ষ্য হলো দুই দেশের সমরাস্ত্র শিল্প, আধুনিক প্রযুক্তি ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করা।এর পাশাপাশি সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সামরিক শিক্ষা এবং প্রশিক্ষণ ক্ষেত্রে পারস্পরিক বিশেষজ্ঞ জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ে উভয় দেশ সম্মত হয়েছে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট মক্কায় পাকিস্তান ও তুরস্কের সঙ্গে একটি ত্রিপাক্ষিক প্রতিরক্ষা জোট গঠন করে রিয়াদ, যা সংবাদমাধ্যমে ‘মক্কা জোট’ নামে পরিচিতি পায়।ওই জোটে সৌদি আরবের অর্থায়ন, তুরস্কের সামরিক প্রযুক্তি এবং পাকিস্তানের জনবলকে প্রধান ভিত্তি ধরা হলেও এর দুই সপ্তাহের মাথায় ফ্রান্সের সঙ্গে নতুন এ চুক্তি স্বাক্ষরিত হলো।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তিটি সৌদি আরব ও ফ্রান্সের মধ্যে বহু বছর ধরে চলমান বিদ্যমান সামরিক সহযোগিতার একটি সম্প্রসারিত রূপ।এটি দুই দেশের জাতীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও যৌথ কৌশলগত লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।



















