তুরস্কে ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার, রাস্তায় হাজারো বিক্ষোভকারী
দুর্নীতির অভিযোগে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তাকে আটক করা হলেও পরে আদালতের নির্দেশে মারমারা জেলে পাঠানো হয়। তার গ্রেপ্তারের পর থেকে ইস্তাম্বুলজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। পাঁচদিন ধরে হাজার হাজার মানুষ রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। রোববার বিক্ষোভে যোগ দেন ইমামোলুর স্ত্রী দিলেক কায়া ইমামোলু। তিনি বলেন, “এরদোয়ানের সময় শেষ হয়ে এসেছে। এবার তিনি হারবেন।”
দিলেক অভিযোগ করেন, একরেমকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, জনগণের সঙ্গে অবিচার করা হচ্ছে, যার দায় এরদোয়ানকে নিতে হবে। একরেম ইমামোলু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের রাজনৈতিক প্রতিপক্ষ। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাকে কারাবন্দি করা হয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একরেমের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এই পদক্ষেপ গণতন্ত্রের ওপর আঘাত এবং এরদোয়ানের দেওয়া বিরোধীদলের প্রতি সম্মানের প্রতিশ্রুতির বিরোধী। ফ্রান্স মনে করে, বিরোধী রাজনীতি গণতন্ত্রের মূল ভিত্তি এবং তা সম্মান না করলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্ক বজায় রাখা কঠিন হবে।
এদিকে ইমামোলুর সমর্থকেরা দেশজুড়ে একটি প্রতীকী ভোটের আয়োজন করেন। বিরোধী দল সিএইচপির দাবি, প্রায় দেড় কোটি মানুষ এতে অংশ নেয় এবং এক কোটি ৩০ লাখ ভোট ইমামোলুর পক্ষে পড়ে। ২০১৯ সালে প্রথমবার এবং পরে আবার মেয়র নির্বাচিত হওয়া ইমামোলু জেল থেকেই এক্স হ্যান্ডেলে লিখেছেন, “দেশের মানুষ এরদোয়ানকে একটি বার্তা দিয়েছে— অনেক হয়েছে, আর না।”



















