তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের দাবি এনসিপির
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা পরিষদে সম্প্রতি গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়। এনসিপি অনতিবিলম্বে বর্তমান পরিষদ ভেঙে দিয়ে সরাসরি ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের দাবি জানায়।
বিবৃতিতে এনসিপি উল্লেখ করে, পার্বত্য তিন জেলা পরিষদে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ছাড়া অন্যান্য মতাদর্শ, সামাজিক শক্তি কিংবা স্বতন্ত্র ব্যক্তিদের প্রতিনিধিত্ব নেই বললেই চলে। এমন একতরফা রাজনৈতিক নিয়োগ নিরপেক্ষতা ও জনগণের আস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। পার্বত্য অঞ্চলের মতো সংবেদনশীল ও বৈচিত্র্যময় এলাকায় অতিরিক্ত রাজনৈতিকীকরণ উন্নয়নকে ব্যাহত করার পাশাপাশি জনগণের মধ্যে বৈষম্য ও অবিশ্বাস বাড়িয়ে তুলবে বলে দলটি সতর্ক করেছে।
১৯৮৯ সালে এই পরিষদ গঠনের পর মাত্র একবারই সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এরপর থেকে অনির্বাচিত পরিষদের মাধ্যমেই তা পরিচালিত হচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন অনির্বাচিত স্থানীয় সরকার ব্যবস্থা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে এনসিপি জানিয়েছে, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা কখনোই নির্বাচিত প্রতিনিধির বিকল্প হতে পারে না।
দলটি অবিলম্বে পার্বত্য জেলা পরিষদগুলোতে প্রত্যক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানায়। একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত গঠন করা যেকোনো সাময়িক পরিষদে দলীয় আনুগত্যের বদলে যোগ্যতা, নিরপেক্ষতা এবং সব জাতিগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার জোর দাবি জানায়।



















