তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও সহযোগিতার আশ্বাস
নিজ নিজ কর্ম ও অনন্য উদ্যোগের মাধ্যমে সমাজে বিরল দৃষ্টান্ত স্থাপন করা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই গুণী ব্যক্তিরা হলেন—বুয়েটের প্রকৌশলী থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও নিজ উদ্যোগে বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং দীর্ঘ তিন দশক ধরে নিজ খরচে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁদের জীবনসংগ্রাম ও সমাজের কল্যাণে পরিচালিত নানা ব্যতিক্রমী কার্যক্রমের কথা শোনেন। তাঁদের কাজের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠনে এ ধরনের ইতিবাচক ও ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন এবং এসব কাজ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে। এ সময় তিনি তাঁদের যেকোনো প্রয়োজনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎ করা ব্যক্তিত্বদের মধ্যে বুয়েট থেকে উত্তীর্ণ নায়লা শারাফ বিসিএসে টিকলেও সুবিধাবঞ্চিত শিশুদের পড়াতে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। অন্যদিকে জন্ম থেকেই দুই হাতহীন নরসিংদীর আলতাফ হোসেন নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং পা দিয়েই যাবতীয় দাপ্তরিক কাজ পরিচালনা করেন; তাঁর জন্য প্রধানমন্ত্রী একটি নতুন স্কুল ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এছাড়া ভোলার চরাঞ্চলে দীর্ঘ তিন দশক ধরে মসজিদের ইমামতির পাশাপাশি নিজের টাকায় গাছ লাগিয়ে সবুজ বিপ্লব ঘটানোয় প্রশংসিত হয়েছেন রেজাউল কিবরিয়া বাবুল। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী তাঁদের এই অনন্য উদ্যোগগুলো আরও গতিশীল রাখতে সার্বিক উৎসাহ প্রদান করেন।


















