তারেক রহমান উত্তরাঞ্চলের ৯টি জেলায় সফর করবেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলা সফর করবেন। এ সফর ১১ জানুয়ারি শুরু হয়ে ১৪ জানুয়ারি শেষ হবে। বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে বুধবার (৭ জানুয়ারি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরের বিস্তারিত কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান ১১ জানুয়ারি টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন এবং বগুড়ায় রাত্রিযাপন করবেন। পরের দিন তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন। ১৩ জানুয়ারি তিনি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন এবং রাত্রিযাপনের জন্য রংপুরে ফিরে আসবেন। ১৪ জানুয়ারি তিনি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরে সফর শেষ করবেন।
সফরের অংশ হিসেবে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ এবং তৈয়বা মজুমদারসহ জুলাই আন্দোলনে নিহত যোদ্ধাদের এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন এবং দোয়া মাহফিলে যোগ দেবেন। তিনি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎও করবেন। বিএনপির পক্ষ থেকে প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া চিঠিতে বলা হয়েছে যে এ সফরটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এবং এতে নির্বাচন কমিশন জারিকৃত আচরণবিধি লঙ্ঘন হবে না।


















