ঢাকা-৮ আসনে নির্বাচনি সামগ্রী বিতরণ সম্পন্ন, ভোট কাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা-৮ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন রিটার্নিং কর্মকর্তা।
বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল স্বচ্ছ ব্যালট বক্স, সিল, ভোটার তালিকা, জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার, অমোচনীয় কালি, বিভিন্ন ফরম এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম। এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে সরবরাহকৃত সরঞ্জাম একই স্থানে মজুত রাখা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত এই আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১০৮টি।
গুরুত্বপূর্ণ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন প্রার্থী। তারা হলেন জনতার দলের মো. গোলাম সারোয়ার (কলম), গণঅধিকার পরিষদের মেঘনা আলম (ট্রাক), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের এ. এফ. এম. ইসমাইল চৌধুরী (মোটরগাড়ি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে), জাতীয় পার্টির মো. জুবের আলম খান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাসেল কবির (ছড়ি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর এ. এইচ. এম. রফিকুজ্জামান আকন্দ (কাঁচি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস. এম. সরওয়ার (মোমবাতি), জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী (শাপলা কলি), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লাহ (হাতপাখা)।



















