ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থী কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা
ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানির চতুর্থ দিনে তার মনোনয়ন বৈধ বলে রায় দেন কমিশন।
এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের সময় কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। তিনি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন যাচাই–বাছাইয়ের সময় একই আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানসহ আরও দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। পরে বাতিল হওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়ন পুনরায় বৈধতা পায়।
ঢাকা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন। এই আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় প্রার্থী আমানউল্লাহ আমান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।



















