ঢাকা–১০: জসীম উদ্দীন সরকারের সমর্থনে মোটরবাইক শোভাযাত্রা
জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা–১০ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের নেতৃত্বে রাজধানীতে শুক্রবার সকালে মোটরবাইক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী পরিচালক অধ্যাপক নুরুন্নবী মানিকের তত্ত্বাবধানে ধানমন্ডি ১৫ নম্বর কেয়ারি প্লাজার সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ধানমন্ডি, ঝিগাতলা, কলাবাগান ও নিউ মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ঢাকা–১০ আসনের সব থানা আমির, সেক্রেটারি এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার বলেন, “চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কারণে বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। দেশের উন্নয়ন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সৎ, আমানতদার ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, “ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সৎ, আমানতদার ও যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করার বিকল্প নেই।”


















