ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হযরত শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। রোববার এক বিজ্ঞপ্তিতে ডিসিসিআই জানায়, যাত্রী সেবার পাশাপাশি পণ্য আমদানি-রফতানির জন্য ব্যবসায়ীরা এই বিমানবন্দরটিই সবচেয়ে বেশি ব্যবহার করেন। তাই এ ধরনের অগ্নিকাণ্ডের ফলে স্থানীয় ও বিদেশী উদ্যোক্তারা অনিরাপত্তা ও অনিশ্চয়তায় ভুগবেন, যা বৈশ্বিক বাণিজ্য ও দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পণ্যের পরিমাণ নির্ধারণ করা এবং ক্ষতিপূরণ দ্রুত নিশ্চিত করা প্রয়োজন। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এ ঘটনায় দেশের সব বিমানবন্দরে সর্বস্তরের অগ্নি নিরাপত্তা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি উল্লেখ করেছেন, ব্যবসায়িক কার্যক্রমকে গতিশীল রাখতে পণ্য খালাস প্রক্রিয়া ছুটির দিনগুলোতেও অব্যাহত রাখা প্রয়োজন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।


















