ড্যাবের তিন চিকিৎসক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার হওয়া তিন চিকিৎসক নেতা—ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. মো. রাকিবুজ্জামান—এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. জাহিদুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থি কার্যকলাপের অভিযোগে ড্যাবের আটজন চিকিৎসক নেতাকে সংগঠনের সব পর্যায়ের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
বহিষ্কৃতদের মধ্যে ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. মো. রাকিবুজ্জামান গত ৬ নভেম্বর ড্যাবের কেন্দ্রীয় অফিসে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে চিঠি দেন। এতে তারা কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চান এবং খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করে জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
আবেদনটি ৭ নভেম্বর ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় উত্থাপিত হয়। সভার ১১ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী, যারা আবেদন করেছেন তাদের কর্মকাণ্ডের গুরুত্ব বিবেচনায় বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়। নির্দেশনা পাওয়ার পর তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
ড্যাব আশা প্রকাশ করেছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে এই তিন চিকিৎসক নেতা আগের মতো সংগঠনের সকল কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেবেন এবং ড্যাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


















