ডোনাল্ড ট্রাম্প টিকটকের মার্কিন সময়সীমা পুনর্বিবেচনা করতে যাচ্ছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও চীনা কোম্পানি বাইটড্যান্সকে দেওয়া সময়সীমা বাড়াতে যাচ্ছেন বলে জানা গেছে। মূলত আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে টিকটকের মার্কিন সম্পদ বিক্রি করতে হবে বা অ্যাপটি বন্ধ করতে হবে—এমন আইন কার্যকর হওয়ার কথা ছিল। তবে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, এবারও সময়সীমা বাড়ানো হবে।
এটি হবে চতুর্থবারের মতো সময়সীমা বাড়ানো। প্রথমে এই সময়সীমা জানুয়ারি ২০২৫ পর্যন্ত নির্ধারিত ছিল, এরপর টানা কয়েক দফায় সময় বাড়ানো হয়েছে।
গত মাসে ট্রাম্প দাবি করেছিলেন, টিকটকের জন্য মার্কিন ক্রেতা প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে। তবে রোববার সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “হতে পারে দেব, হতে পারে দেব না। আমরা এখন টিকটক নিয়ে আলোচনা করছি। হয়তো টিকটককে মরতে দেব, আবার হয়তো না। এটা চীনের ওপরও নির্ভর করছে। তবে আমি শিশুদের জন্য এটা করতে চাই।”
টিকটক যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি ব্যবহারকারীর কাছে অত্যন্ত জনপ্রিয়। তাই সরাসরি বন্ধ করার বিষয়ে হোয়াইট হাউসও দ্বিধায় রয়েছে।
ওয়াশিংটনের চীন-বিরোধী নীতিনির্ধারকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে, বেইজিং টিকটক ব্যবহার করে মার্কিন নাগরিকদের ওপর নজরদারি, ব্ল্যাকমেইল বা সেন্সরশিপ চালাতে পারে। তবে ট্রাম্প বলেছেন, তার মূল লক্ষ্য অ্যাপটিকে বাঁচানো।
চলতি বছরের শুরুতে একটি চুক্তির খসড়া তৈরি হয়েছিল—যাতে টিকটকের যুক্তরাষ্ট্র অংশকে নতুন একটি মার্কিন কোম্পানিতে রূপান্তর করার প্রস্তাব ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে নতুন শুল্ক ঘোষণা করার পর বেইজিং জানিয়েছে, তারা এমন চুক্তি অনুমোদন করবে না। ফলে আলোচনা থমকে যায়।
সূত্র জানিয়েছে, ১৭ সেপ্টেম্বরের মধ্যে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।



















