ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের লক্ষ্যে শনিবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু
আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর সফরের বিষয়টি বুধবার বার্তাসংস্থা রয়টার্সের কাছে নিশ্চিত করেছেন একাধিক ইসরায়েলি কর্মকর্তা। নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন, তবে তাঁদের দুজনের মধ্যে দেখা হবে কি না তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। যদিও অপর এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, আগামী সোমবার নেতানিয়াহু-ট্রাম্প বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।
যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু এমন এক সময়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন যখন ইরানের সঙ্গে মার্কিনিদের লড়াই আবারও নতুন করে শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র টানা চারদিন ইরানে হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরানও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে আরব দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই মার্কিন সফর বিশেষ গুরুত্ব বহন করছে।
এদিকে ইরানের সম্ভাব্য হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। তিনি হুমকি দিয়ে বলেছেন, ইরান এবার হামলা চালালে অতীতের যেকোনো লড়াইয়ের চেয়েও বহুগুণ শক্তিশালী ও কঠোর প্রতিশোধ নেওয়া হবে। তেহরানকে ইসরায়েলে হামলা না করার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, সেই দিন শেষ হয়ে গেছে যখন কেউ আঘাত করলে তারা দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত হানত না।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমির ডিমোনা শহরে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ইরানকে এই হুমকি দেন নেতানিয়াহু। উল্লেখ্য, এই ডিমোনা শহরের কাছাকাছি এলাকাতেই ইসরায়েলের অত্যন্ত গোপনীয় ও সুরক্ষিত পারমাণবিক চুল্লির অবস্থান। মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছেই পারমাণবিক অস্ত্রাগার রয়েছে বলে ধারণা করা হলেও, ইসরায়েল তাদের এই পারমাণবিক শক্তির কথা কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার করে না।

















