ডেঙ্গুতে নতুন করে ৬৮৫ জন ভর্তি, একদিনে ৩ জনের মৃত্যু
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১২২ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৮ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহে ২১ জন, রাজশাহীতে ৩৯ জন, রংপুরে ৬ জন এবং সিলেটে ৪ জন রয়েছেন।
এদিকে, গত একদিনে সারা দেশে ৬৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে দেশে ডেঙ্গুতে মোট ১৫০ জনের মৃত্যু হয়েছে।


















