ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৮১৪ জন
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৮১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও চারজন। মঙ্গলবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫৩ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নতুন ভর্তিদের মধ্যে বরিশালে ১২৬ জন, চট্টগ্রামে ১১২ জন, ঢাকার বাইরে ১২৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭০ জন, দক্ষিণ সিটিতে ১০৭ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ৪০ জন, রংপুরে ৪১ জন এবং সিলেটে পাঁচজন ভর্তি হয়েছেন।
এদিকে একই সময়ে সারাদেশে ৮১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৫৮ হাজার ৫২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৬১ হাজার ৬০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা ২৫৩ জনে পৌঁছেছে, যা দেশে ডেঙ্গুর দীর্ঘমেয়াদি সংকটকে আরও প্রকট করে তুলেছে।


















