ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৫৯৫
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৫ জন রোগী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০১ জন, ঢাকা উত্তর সিটিতে সর্বোচ্চ ২৫৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৬৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহে ২৬ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে ৪ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।
এ সময়ের মধ্যে সারা দেশে হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৫৬৭ জন। চলতি বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৪০৩ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৬২৭ জন রোগী। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩৯৪ জন।
গত বছরের পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালে জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


















