রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ২:১৯

ডিবিএ পরিচালনা পর্ষদে ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৩, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
ডিবিএ পরিচালনা পর্ষদে ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ডিবিএ পরিচালনা পর্ষদে ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

পুঁজিবাজারে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর পরিচালনা পর্ষদ নির্বাচনে মোট ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ১২ জন পরিচালক রয়েছেন। তারা আগামী দুই বছর (২০২৬ ও ২০২৭) ডিবিএর নেতৃত্ব দেবেন।

নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মনিরুজ্জামান, আর ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাফিজ-আল-তারিক।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন– এম. রাফিউজ্জামান বোখারী (এবি অ্যান্ড কোম্পানি লিমিটেড), ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ (এস সি এল সিকিউরিটিজ লিমিটেড), মো. নাদিম (আর. এন. ট্রেডিং লিমিটেড), আহমেদ কবির মজুমদার (আজম সিকিউরিটিজ লিমিটেড), আর. ওয়াই. শমসের (নিউ এরা সিকিউরিটিজ লিমিটেড), আমিনুল ইসলাম (ওয়ান সিকিউরিটিজ লিমিটেড), আলহাজ্ব নাহিদ আহমেদ (জি এম এফ সিকিউরিটিজ লিমিটেড), নাঈম মো. কাইয়ুম (কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেড), মোহাম্মদ ইব্রাহিম (ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড), ডা. ওসমান গনি চৌধুরী (এক্সপো ট্রেডার্স লিমিটেড), খন্দকার শফিকুর রহিম (ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেড) এবং শরীফ আতাউর রহমান (এসএআর সিকিউরিটিজ লিমিটেড)।

ডিবিএ সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল ২৮ আগস্ট। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৯ অক্টোবর। ওইদিন প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ১২ জন পরিচালকসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১ নভেম্বর নির্বাচন বোর্ড সকল প্রার্থীকে বৈধ ঘোষণা করে। ৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায়, নির্বাচিতরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিত সদস্যরা ডিবিএর আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি