ডা. জাকির নায়েকের ঢাকায় আগমনকে কেন্দ্র করে ভারতীয় উদ্বেগ
বিশিষ্ট ইসলামী বক্তা ডা. জাকির নায়েক আগামী নভেম্বর ঢাকায় আসবেন। তবে ভারতের আশা, মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছার পর তাকে যেন ভারতের কাছে হস্তান্তর করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি এবং ভারতে ওয়ান্টেড। তাই যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় রাখবে।
২০১৬ সালের আগ পর্যন্ত জাকির নায়েক ভারতে অবস্থান করতেন এবং আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের সময়ে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থ পাচারের মামলা করা হয় এবং তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়। এরপর তিনি মালয়েশিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে থাকার অনুমতি পান। ভারতের বিচারিক আওতার বাইরে থাকায় তিনি একাধিকবার জানিয়েছেন, “আমি ভারতে ফিরে যাব না যতক্ষণ না ন্যায়বিচারের নিশ্চয়তা পাই।”
ঢাকায় তার আগমনের পরিকল্পনা অনুযায়ী, ডা. জাকির নায়েক ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির সম্ভাব্য স্থান আগারগাঁও এলাকায়। ভারতের প্রভাবের কারণে ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান হামলার পর তার বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, যদিও বর্তমানে সেটি শিথিল করা হয়েছে।

















