ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে এই পাঁচটি সবজি
ডায়াবেটিস মানেই সুস্বাদু খাবারের ইতি টানতে হবে—এমন ধারণা এখন পুরোনো। সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায় সহজেই। বিশেষ করে তাজা ও পুষ্টিকর সবজি এতে দারুণ ভূমিকা রাখে। কিছু সবজি আছে যেগুলোতে ফাইবার, খনিজ ও ভিটামিনের পরিমাণ বেশি এবং গ্লাইসেমিক সূচক কম—যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। নিয়মিত খাদ্যতালিকায় রাখলে নিচের পাঁচটি সবজি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে।
পালং শাক
ডায়াবেটিস রোগীদের জন্য অন্যতম আদর্শ সবজি হলো পালং শাক। এতে কার্বোহাইড্রেটের পরিমাণ অত্যন্ত কম—প্রতি কাপ কাঁচা পাতায় মাত্র এক গ্রাম কার্বোহাইড্রেট থাকে। পাশাপাশি এতে রয়েছে ফাইবার, ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম, যা রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করে। পালং শাকে থাকা আলফা-লাইপোয়িক অ্যাসিড ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।
ব্রোকলি
ব্রোকলি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ সবজি, যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়ক। এতে সালফোরাফেন নামক যৌগ রয়েছে, যা প্রদাহ কমায় ও ইনসুলিন প্রতিরোধ হ্রাস করে। মাত্র এক কাপ রান্না করা ব্রোকলিতে পাওয়া যায় ৫ গ্রামেরও বেশি ফাইবার, সঙ্গে প্রচুর ভিটামিন সি ও কে—যা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী।
ফুলকপি
ফুলকপিতে প্রচুর ফাইবার, ভিটামিন সি ও ফোলেট রয়েছে। এটি ক্রুসিফেরাস সবজি পরিবারের সদস্য, যা অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমাতে সাহায্য করে। এসব উপাদান রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করে এবং ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
মটরশুঁটি
মটরশুঁটি কম কার্বোহাইড্রেট ও ক্যালোরিযুক্ত, কিন্তু ফাইবার ও ভিটামিনে ভরপুর। এটি রক্তে শর্করার মাত্রা না বাড়িয়ে শরীরকে শক্তি জোগায়। গবেষণায় দেখা গেছে, মটরশুঁটির ফাইবার ও এনজাইম ইনসুলিন প্রতিরোধ কমিয়ে টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।
বেল পেপার (ক্যাপসিকাম)
রঙিন বেল পেপার ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী সবজি। এতে স্টার্চযুক্ত সবজির তুলনায় ক্যালোরি ও কার্বোহাইড্রেট কম থাকে। বেল পেপারে ভিটামিন সি, বিটা-ক্যারোটিন ও ফ্ল্যাভোনয়েড রয়েছে, যা প্রদাহ কমায় ও কোষকে সুরক্ষা দেয়। এটি রক্তে শর্করার বৃদ্ধি প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে।
এই সবজিগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা আরও সহজ হবে, পাশাপাশি শরীরও পাবে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি।



















