মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| সকাল ১১:১৯

ডাক বিভাগের আধুনিকায়নে ডিজিটাল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ১১, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ
ডাক বিভাগের আধুনিকায়নে ডিজিটাল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ

ডাক বিভাগের আধুনিকায়নে ডিজিটাল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যোগাযোগের ক্ষেত্রে ডাক বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডিজিটাল পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে সবাইকে কাজ করতে হবে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক বিভাগের সভাকক্ষে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জিপিও ঢাকার ঐতিহ্যের অংশ এবং সরকার জিপিওকে আধুনিক ও কার্যকর করার জন্য কাজ করছে। তিনি আধুনিক, সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ডাক কর্মচারীদের দীর্ঘদিনের নানা বৈষম্য দূর করার কাজ চলছে। জিপিও’র স্থান সচিবালয় সম্প্রসারণের জন্য ব্যবহৃত হবে, যেখানে সমষ্টিগত স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে পোস্টাল মিউজিয়াম তৈরি হবে।

তিনি আরও বলেন, এড্রেস ম্যানেজমেন্টের বর্তমান স্ট্রাকচার ডিজিটাল অর্থনীতির সঙ্গে খাপ খায় না। তাই বেসরকারি কুরিয়ার সার্ভিসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঠিকানা ব্যবস্থাপনাকে ডিজিটাল করার চেষ্টা চলছে। এতে এরিয়া কোড, স্ট্রিট কোড এবং হাউজ কোড সমন্বিত হবে এবং ঠিকানার সঙ্গে জিও ফেন্সিং যুক্ত করা হবে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাক ও কুরিয়ার আইন হালনাগাদের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, মেইল ও পার্সেল ট্র্যাকিং সিস্টেমের আওতায় বর্তমানে ৫০–৬০ শতাংশ ট্র্যাকিং সম্ভব। ম্যানেজমেন্ট সফটওয়্যারের মান উন্নয়নের মাধ্যমে এটি শতভাগ কার্যকর করার কাজ চলছে। এছাড়াও, ই-কমার্সের সঙ্গে ডাক বিভাগের সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শহর ও গ্রামের মানুষের সেবায় বৈষম্য কমানো যায়।

অনুষ্ঠানে শিশু কিশোরদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের এবং ডাক বিভাগের শ্রেষ্ঠ কর্মচারীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিন, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃতরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি