ডাকসুসহ শীর্ষ বিশ্ববিদ্যালয়ে শিবিরের সাফল্যকে দেশে ইসলামের বিজয়ের পূর্বাভাস বললেন মিয়া গোলাম পরওয়ার
ইসলামী ছাত্রশিবিরের অতীতের নেতৃত্বের স্মৃতিচারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিরা অতীতে বলতেন—‘আমরা যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতব, সেদিন বাংলাদেশে ইসলাম বিজয়ী হবে’। বর্তমানে ডাকসুসহ দেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী আন্দোলনের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তার মধ্য দিয়েই দেশে ইসলামের বিজয়ের পূর্বাভাস স্পষ্ট হয়ে উঠেছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী আয়োজিত ‘২৮ অক্টোবর ২০০৬: আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজের ছাত্রজীবনের স্মৃতি তুলে ধরে তিনি জানান, আজ ডাকসু ও বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিবিরের সফলতার মাধ্যমে অতীতের সেই ঐতিহাসিক অঙ্গীকার বাস্তবায়নের স্পষ্ট আলামত জাতি প্রত্যক্ষ করছে।
২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার পৈশাচিক হামলার স্মৃতি স্মরণ করে তিনি বলেন, সেদিনের পৈশাচিক হামলার মাধ্যমে আওয়ামী লীগ দেশে এক-এগারোর অগণতান্ত্রিক সরকার এবং পরবর্তীতে দীর্ঘ স্বৈরশাসনের পথ সুগম করেছিল। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা এবং সাজানো মামলার মাধ্যমে জামায়াত নেতাদের বিচারের মাধ্যমে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করা হলেও চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা সেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে, কোনো আপসের জন্য নয়। বিএনপি যদি আওয়ামী লীগের মতো রাজনৈতিক অবস্থান নিয়ে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চায়, তবে জনগণ তাদেরও ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে তিনি ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডিসহ বিগত দেড় দশকের সব হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের জোর দাবি জানান।

















