ট্রাম্প মনে করছেন পুতিনের সঙ্গে বাতিল হওয়া বৈঠক বুদাপেস্টে হতে পারে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পূর্বে বাতিল হওয়া বৈঠকটি আবার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প চান, বৈঠকটি ফের বুদাপেস্টেই অনুষ্ঠিত হোক।
গত শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের জানান, পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা এখনও রয়েছে এবং তা “বেশ ভালোভাবে” করা যেতে পারে। অক্টোবরের শেষ দিকে বুদাপেস্টে এই বৈঠক হওয়ার কথা ছিল। হাঙ্গেরি ইতিমধ্যেই আয়োজনের প্রস্তুতি শুরু করেছিল। তবে ২৩ অক্টোবর ট্রাম্প নিজেই বৈঠক বাতিল করেন, কারণ তার মনে হয়েছিল এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কিছু অর্জিত হবে না।
ট্রাম্প বলেছেন, “যদি বৈঠক হয়, আমি চাইব সেটি বুদাপেস্টেই হোক। আগের প্রস্তাবিত বৈঠক বাতিল করেছিলাম কারণ মনে হয়েছিল তা থেকে বিশেষ কিছু আসবে না।” তিনি আরও উল্লেখ করেন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান পুতিনকে ভালোভাবে বোঝেন এবং বৈঠক সফল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
বাতিল হওয়া বৈঠক সম্পর্কে ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সিদ্ধান্ত নেয়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে আলোচনা করেন। মস্কো বোঝাপড়ায় আসতে রাজি না হওয়ার পর ট্রাম্প বৈঠক বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
ট্রাম্প আরও মন্তব্য করেন, “যুক্তরাষ্ট্রের সরকার এবং হাঙ্গেরি শান্তিপ্রিয়। অন্যান্য সরকার অনেকেই চাই যুদ্ধ চলুক, কারণ তারা মনে করে ইউক্রেন জিততে পারবে। তবে যুদ্ধক্ষেত্রের বাস্তব অবস্থা বোঝার অভাবে তারা এভাবে ভাবছে।”
সূত্র: নিউইয়র্ক টাইমস



















