ট্রাম্পের হুঁশিয়ারি: রাশিয়ার তেল কিনলে ভারতের পণ্যের ওপর শুল্ক বাড়বে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ভারত রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ না করে, তবে দেশটির পণ্যের ওপর “ব্যাপক শুল্ক” আরোপ করা হবে। এতে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে টানাপোড়েন আরও বেড়ে গেছে।
ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। তিনি বলেন, “তিনি আমাকে বলেছেন, ‘আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না’। কিন্তু যদি তারা এটা চালিয়ে যায়, তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে।”
ওই শুল্ক ইতোমধ্যেই ভারতীয় পণ্যের ওপর কার্যকর। আগস্টে ট্রাম্প শুল্কহার ৫০ শতাংশে উন্নীত করেন, যা টেক্সটাইল থেকে শুরু করে ওষুধ পর্যন্ত বিস্তৃত পণ্যে প্রযোজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা এ দেশের মাধ্যমে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চালাতে অর্থায়ন করছে।
যদিও ট্রাম্পের মন্তব্যের পর ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়ার অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেল ক্রেতা হিসেবে রয়েছে।


















