মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ১২:৩৫

ট্রাম্পের ক্ষমায় মুক্তি পেয়ে হন্ডুরাসে ফিরলেন সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

প্রতিবেদক
staffreporter
জুলাই ২৭, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
ট্রাম্পের ক্ষমায় মুক্তি পেয়ে হন্ডুরাসে ফিরলেন সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

ট্রাম্পের ক্ষমায় মুক্তি পেয়ে হন্ডুরাসে ফিরলেন সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

মাদক ও অস্ত্র পাচারের দায়ে যুক্তরাষ্ট্রে ৪৫ বছরের কারাদণ্ড ভোগকালীন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমাপত্র পেয়ে অবশেষে দেশে ফিরেছেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্কিত ক্ষমা ঘোষণার আট মাস পর রোববার তিনি ব্যক্তিমালিকানাধীন একটি বিমানে করে নিজ দেশ হন্ডুরাসে পৌঁছান। বিমানবন্দরে নামার পর মা, স্ত্রী ও কন্যাসহ শত শত সমর্থক তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরিবারকে সঙ্গে নিয়ে তিনি রানওয়েতেই হাঁটু গেড়ে প্রার্থনায় অংশ নেন।

২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে হন্ডুরাসের শাসনক্ষমতায় থাকা ৫৭ বছর বয়সী হার্নান্দেজকে ২০২২ সালে দেশে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছিল। ২০২৪ সালে মার্কিন আদালত তাকে সাজা দিলেও তিনি শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। কারাবাসের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান যে এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন ছিল এবং তিনি যা সহ্য করেছেন তা শত্রুর জন্যও কামনা করেন না।

যুক্তরাষ্ট্রে সাজা মওকুফ হলেও নিজ দেশে তিনি এখনই স্বস্তিতে নেই। জালিয়াতি ও সরকারি তহবিল তছরুপের অভিযোগ থাকা ‘প্যানডোরা-২’ দুর্নীতি মামলায় আগামী ৩ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে গত জুন মাসে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত থাকায় দেশে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার হতে হয়নি। সাবেক এই প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ বাতিলের জন্য আইনি লড়াই চালিয়ে যাবেন।

রাজনীতিতে আবারও ফেরা নিয়ে এখনই স্পষ্ট কিছু না বললেও নিজের দল ও নতুন নেতৃত্বকে অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করার বার্তা দিয়েছেন হার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করে তিনি জানান, স্বদেশে ফিরে আসার মুহূর্তে হৃদয়ে যে গভীর আনন্দ কাজ করছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি