ট্রাম্পের আহ্বানে গাজায় যুদ্ধবিরতি—হামাসও সম্মত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এর আগে হামাস নিজেদের কব্জায় থাকা সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেছেন, হামাসের সর্বশেষ বিবৃতি দেখার পর তিনি বিশ্বাস করেছেন, তারা দীর্ঘমেয়াদী শান্তির জন্য প্রস্তুত।
ট্রাম্প বলেন, “ইসরায়েলকে এখনই অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে সব জিম্মিকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা যায়। যুদ্ধবিরতি প্রস্তাবের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে, যা কেবল গাজার জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের প্রত্যাশিত শান্তি স্থাপনের লক্ষ্য পূরণ করবে।”
হামাসও গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ট্রাম্পের ২০-পয়েন্ট সম্বলিত প্রস্তাব মেনে নেবে। গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর এবং স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনাও শুরু করতে প্রস্তুত তারা। এতে গাজা, ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ শান্তির পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি নিয়েছিল। এরপর ইসরায়েল দুই বছরেরও বেশি সময় ধরে প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে, যার ফলে গাজায় প্রায় ৬৭ হাজার মানুষ নিহত ও ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন। হামাস পূর্বে বেশ কয়েক দফা জিম্মি মুক্তি দিয়েছে, তবে এখনও তাদের কাছে ৩৫ জন জিম্মি আছে।
হামাস জানিয়েছে, জিম্মি মুক্তি ও প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের পরে চুক্তির অন্যান্য শর্তাবলী ‘একীভূত ফিলিস্তিনি জাতীয় কাঠামো’-এর আলোকে আলোচনা করবে, যা স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্ব বহন করে।



















