ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন মুহাম্মদ ইউনূস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি ট্রাম্পকে তার সুবিধামত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউইয়র্কে অবস্থানকালে রাষ্ট্রপতি ট্রাম্পের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস ওই অনুষ্ঠানে যোগ দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস রাষ্ট্রপতি ট্রাম্প ছাড়াও স্পেনের রাজা ফেলিপ ষষ্ঠ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ একাধিক বিশ্বনেতার সঙ্গে কুশল বিনিময় করেন।
এ ছাড়া তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও সাক্ষাৎ করেন।


















