শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬| সন্ধ্যা ৬:১৬

টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি নিয়ে সন্তুষ্ট লিটন দাস

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৬, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
লিটন দাস

টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি নিয়ে সন্তুষ্ট লিটন দাস

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়েছে গতকাল। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই আসরে বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশ টানা তিনটি ম্যাচই খেলবে কলকাতায়, যা দলকে বিশেষ সুবিধা দিতে পারে বলে মনে করছেন অধিনায়ক লিটন দাস।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে লিটন বলেন, টি–টোয়েন্টি ফরম্যাটে প্রতিটি দলই প্রতিযোগিতামূলক, তবে কলকাতায় টানা তিন ম্যাচ পাওয়া বাংলাদেশের জন্য বাড়তি ইতিবাচক দিক। তাঁর ভাষায়, ‘আমরা পরপর তিনটা গেম কলকাতায় খেলব, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হতে পারে। আমরা চেষ্টা করব আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে।’

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিনি আয়ারল্যান্ড সিরিজকে গুরুত্ব দিচ্ছেন। লিটনের মতে, কঠিন পরিস্থিতিতে দলকে পরীক্ষা করা জরুরি, যাতে চাপ সামলে জয়ের পথ খুঁজে বের করার মানসিকতা তৈরি হয়। আগের সিরিজে কঠিন অবস্থায় ম্যাচ শেষ করতে না পারার বিষয়টি মাথায় রেখেই এবার উন্নতির লক্ষ্য রাখছেন তিনি।

যদিও শক্তির বিচারে বাংলাদেশ এগিয়ে, প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না লিটন দাস। তিনি বলেন, ‘আমরা যদি আমাদের দিনে শতভাগ ক্রিকেট খেলতে পারি, অবশ্যই দাপুটে জয় সম্ভব। তবে প্রতিটি দলকেই সম্মান করতে হবে। যে ভালো ক্রিকেট খেলবে, ম্যাচ তার পক্ষেই যাবে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতির বাস্তব পরীক্ষা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি