টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস: রেকর্ড গড়ে এক হাজার রানের মাইলফলকে অভিষেক শর্মা
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা। মাত্র ৫২৮ বল খেলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি, যা বিশ্বে সবচেয়ে কম বলে এক হাজার রান পূরণের নতুন রেকর্ড। একই সঙ্গে তিনি এখন ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটার, যিনি সবচেয়ে কম ইনিংসে এই অর্জনে পৌঁছেছেন।
শনিবার ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে এই কৃতিত্ব গড়েন অভিষেক। বাঁহাতি এই ব্যাটার ভেঙেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডের রেকর্ড, যিনি এর আগে ৫৬৯ বল খেলে এক হাজার রানে পৌঁছেছিলেন। এবার সেই রেকর্ড ৪১ বল কমিয়ে ভাঙলেন অভিষেক শর্মা।
তবে সামান্য ব্যবধানে সবচেয়ে কম ইনিংসে এক হাজার রান করা ভারতীয় ব্যাটার হতে পারেননি তিনি। এই ম্যাচে গ্যাবায় অভিষেক খেলেন নিজের ২৮তম ইনিংস। এর চেয়ে এক ইনিংস কম, অর্থাৎ ২৭ ইনিংসে এক হাজার রানে পৌঁছে রেকর্ডটি ধরে রেখেছেন বিরাট কোহলি।
মাত্র কয়েক মাসের ব্যবধানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার এই ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে নতুন মাত্রা যোগ করেছে। তার আক্রমণাত্মক খেলা এবং পাওয়ার হিটিং ক্ষমতা ভারতের ভবিষ্যৎ টি-টোয়েন্টি কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


















