টানা উত্থানের পর এআই বাজারে বড় ধস, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের শেয়ার সূচকে তীব্র পতন
টানা দীর্ঘমেয়াদি উত্থানের পর হঠাৎ করেই মুখ থুবড়ে পড়েছে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি খাতের বাজার। এআই কম্পিউটিং ক্ষমতার কার্যকারিতা ও এর পেছনে বিপুল ব্যয় নিয়ে বাজারে এক ধরনের উদ্বেগের ‘ভবিষ্যদ্বাণী’ তৈরি হয়েছে। আর এই নেতিবাচক পূর্বাভাসের পরপরই এশীয় দেশগুলোর বাজারে চিপ প্রস্তুতকারক কোম্পানিগুলোর স্টকে বড় ধরনের ধস নেমেছে।
বিশ্বের দুই বৃহত্তম সেমিকন্ডাক্টর ও চিপ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের শেয়ার বাজারে বৃহস্পতিবার তীব্র পতন দেখা দিয়েছে। এর ফলে গতকাল দিনভর নিম্নমুখী প্রবণতায় ছিল এশিয়ার এই দুই বড় পরাশক্তির বাজার। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক কোস্পির (KOSPI) সূচক প্রায় ৮ শতাংশ কমে গেছে এবং তাইওয়ানের প্রধান সূচকও ব্যাপকভাবে নিচের দিকে নেমেছে।
টানা কয়েক মাস কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে বিনিয়োগের যে জোয়ার এসেছিল, বর্তমানে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের বাজারে তার ঠিক উল্টো অর্থাৎ ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে। এশিয়ার শেয়ার বাজারে সাম্প্রতিক রেকর্ড-ভাঙা উত্থানের প্রধান চালিকাশক্তিই ছিল এআই। কিন্তু বর্তমানে বাজারে এআই-সম্পর্কিত স্টকগুলোর প্রতি সাধারণ বিনিয়োগকারীদের উচ্ছ্বাস ও আগ্রহ ক্রমাগত পড়তির দিকে হওয়ায় এই খাত দ্রুত গতি হারাচ্ছে।
এতদিন এআই-নির্ভর বিনিয়োগের ওপর ভর করে এই দুই দেশের বাজার রেকর্ড উচ্চতায় পৌঁছালেও, এখন বহু অংশীজন ও বিনিয়োগকারী মনে করছেন এআই খাতে বিশ্বব্যাপী ব্যয় হয়তো খুব দ্রুত এবং মাত্রাতিরিক্ত হারে বেড়ে গেছে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থায় দাঁড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এই বিপুল পরিমাণ আর্থিক বিনিয়োগ আসলেই কতটা যুক্তিযুক্ত—এমন মৌলিক প্রশ্নেই এখন চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাজার সংশ্লিষ্টরা।



















