জেলা হাসপাতালে নতুন পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
দেশের ২৫০ শয্যাবিশিষ্ট যেসব জেলা হাসপাতালে এখনো প্রয়োজনীয় পদ সৃষ্টি হয়নি, সেসব হাসপাতালে নতুন পদ সৃজনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ উদ্দেশ্যে সংশ্লিষ্ট হাসপাতালগুলোর কাছ থেকে প্রশাসনিক প্রস্তাবসহ প্রয়োজনীয় তথ্য ও প্রাসঙ্গিক কাগজপত্র পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পূর্ববর্তী সিদ্ধান্তের আলোকে এই কার্যক্রম শুরু হয়েছে। যেসকল জেলা সদর হাসপাতালকে ইতোমধ্যে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে, সেগুলোর অর্গানোগ্রাম ও প্রশাসনিক অনুমোদনের অনুলিপি বা ভবন হস্তান্তরের সনদপত্রের কপি প্রস্তাবের সঙ্গে জমা দিতে হবে। এ ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চেকলিস্ট পূরণ করে পূর্ণাঙ্গ রূপরেখা পাঠানোর নির্দেশ রয়েছে।
নতুন পদ তৈরির প্রস্তাবে যুক্ত করতে হবে মোট ১২ ধরণের সুনির্দিষ্ট তথ্য ও নথি। এর মধ্যে পদের নাম, সংখ্যা, বেতন স্কেল, বাৎসরিক আর্থিক ব্যয়ের হিসাব, দায়িত্ব ও নিয়োগবিধি উল্লেখযোগ্য। পাশাপাশি পদের প্রকৃত কাজের ধরন, কর্মপরিকল্পনা এবং পদ সৃষ্টির যৌক্তিকতা সংবলিত নথিপত্রও দাখিল করতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরে এই নির্দেশনা জারি করা হয়। চিকিৎসার মানোন্নয়ন ও হাসপাতাল পরিচালনায় গতিশীলতা আনতে সংশ্লিষ্ট সব সিভিল সার্জন এবং ১০০ ও ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কদের কাছে এ সংক্রান্ত চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
















