জুলাই সনদ ও গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে সরকার: রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, জুলাই সনদ ও গণভোট বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর বসার সম্ভাবনা নেই। সরকার দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের সময়সূচি নিয়ে দলগুলোর মধ্যে এখনো কোনো সমঝোতা হয়নি। আলোচনার মাধ্যমে একমত হওয়ার জন্য সরকার যে সাত দিনের সময় দিয়েছিল, তা শেষ হয়েছে রোববার।
এরই মধ্যে বিএনপি অভিযোগ করেছে, সংস্কার ও গণভোট তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। দলটি বলছে, সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট আয়োজন করা যাবে না। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ আটটি দল নির্বাচনের আগেই গণভোটের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে। আগামীকাল মঙ্গলবার ঢাকায় তারা বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মতে, দীর্ঘসূত্রিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলবে।



















