বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:৩২

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না, ঐতিহাসিক শহীদ দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা

প্রতিবেদক
staffreporter
জুলাই ১৬, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না, ঐতিহাসিক শহীদ দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না, ঐতিহাসিক শহীদ দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা

জুলাই গণঅভ্যুত্থানের অমর চেতনা আমাদের জন্য কেবল ইতিহাসের গৌরব নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে এক বিশেষ বার্তায় তিনি এ কথা বলেন। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতা প্রকাশ করে দেশজুড়ে সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

বার্তায় প্রধানমন্ত্রী স্মরণ করেন, ২০২৪ সালের ১৬ জুলাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কমপক্ষে ৬ জন শহীদ হয়েছিলেন। তিনি বলেন, দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে আবু সাঈদের বুক পেতে দেওয়ার দৃশ্য গণতন্ত্রকামী জনগণের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করেছিল, যা পরবর্তীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং স্বৈরাচার দেশ ছাড়তে বাধ্য হয়।

১৬ জুলাইকে জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় নিপীড়ন ও ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে বীর ছাত্র-জনতার অদম্য প্রতিরোধ জাতির বিবেককে জাগ্রত করেছিল। দীর্ঘ দেড় দশক ধরে চলা ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, গুম, খুন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে এটি ছিল সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। ঐতিহাসিক সেই গণঅভ্যুত্থানের দুই বছর পর বর্তমান সরকার শহীদদের পবিত্র আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্র ও সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাঁদের গৌরবময় আত্মত্যাগের পথ ধরেই দেশ আজ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সকল নাগরিকের জন্য একটি নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমেই শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার আহ্বান জানান তিনি। একই সাথে প্রধানমন্ত্রী সকল শহীদের রুহের মাগফিরাত এবং গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি