জুলাই যুদ্ধে ছাত্রদের সাহসিকতা ও আত্মত্যাগ স্মরণে “স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স” অনুষ্ঠান
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বলেছেন, সেই সময়কার ভয়াবহ অভিজ্ঞতা আজও তাঁর স্মৃতিতে জ্বলজ্বল করছে। তিনি জানান, ১৮ জুলাই আন্দোলনের সময় তিনি যখন রাস্তায় ছিলেন, তখন তাঁর মাথার ওপর দিয়ে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয় এবং পুলিশের গুলিতে এক ছাত্র আহত হলে তিনি তাঁর দিকে এগিয়ে যান। ভাগ্যক্রমে তিনি গুলির আঘাত থেকে রক্ষা পান।
তিনি বলেন, “আমরা আর রক্ত দিতে চাই না, আমরা জ্ঞান দিয়ে, মেধা দিয়ে দেশ গড়তে চাই।”
একইসঙ্গে তিনি আরও বলেন, অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজের কাঠামো গড়াই এখন প্রধান দায়িত্ব। দীর্ঘ ১৬ বছরের অপশাসনের যে কাঠামো জনগণের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, তা এক বছরে বদলানো সম্ভব নয়। তিনি ছাত্রদের উদ্দিষ্ট করে বলেন, “কোটা নয়, তোমরা মেধার আন্দোলনে যুদ্ধ করেছো। তাহলে আর কেন রক্ত দিতে হবে? মেধা দিয়েই দেশ গড়বে তোমরা।”
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওয়ারিয়র্স অব জুলাই আয়োজিত “স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স” অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ারিয়র্সের কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ সালমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সাইদুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাঈদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এবং জুলাই যুদ্ধে শহিদ ও আহত পরিবারের সদস্যরা ও যোদ্ধারা।



















