জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে খসড়া আদেশ আজ কমিশনে জমা
বিশেষজ্ঞরা বুধবার জাতীয় ঐকমত্য কমিশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষ আদেশের খসড়া জমা দেবেন। খসড়া নিয়ে বিকেলে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সংস্করণ প্রস্তুত করা হতে পারে। কমিশন আশা করছে, এটি চূড়ান্ত করে আগামী শুক্রবারের আগে সরকারের কাছে সুপারিশ করা হবে।
প্রাথমিক খসড়ার নাম রাখা হয়েছে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ’। সংবিধান ও অন্যান্য আইনের পরিপূরক হিসেবে গণঅভ্যুত্থানের জনগণ অভিপ্রায়ের ক্ষমতাবলে বিশেষ পরিস্থিতিতে আদেশটি জারি করা হবে। আদেশের শেষভাগে গণভোটের প্রশ্ন এবং পরিশিষ্টে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত থাকবে।
কমিশনের বিশেষজ্ঞ প্যানেলের ছয় সদস্য—দুই অবসরপ্রাপ্ত বিচারপতি, তিন আইনজীবী ও এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক—আদেশের ভিত্তি, ভাষা, বিষয়বস্তু ও আইনি দিক বিচার-বিশ্লেষণ করে খসড়া তৈরি করছেন। খসড়া এখন শেষ পর্যায়ে রয়েছে।
সূত্র জানায়, আদেশে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেয়া হবে এবং পরবর্তী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা (সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ) দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হবে। এছাড়া সনদে থাকা আপত্তি (নোট অব ডিসেন্ট) কীভাবে বাস্তবায়ন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। গণভোটে রাখা হতে পারে, জনগণ সনদ বাস্তবায়ন চান কি না বা ভিন্নমত থাকা প্রস্তাবগুলো বাস্তবায়ন চান কি না। বিকল্প হিসেবে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর), সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মতো বিষয়ও গণভোটে অন্তর্ভুক্ত করা হতে পারে।


















