জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। মঙ্গলবার সকালে সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এর আগে মহানগরী আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এই কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়।
মাসব্যাপী এই কর্মসূচির শুরুতে ১ জুলাই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে এবং ২ জুলাই শহীদদের কবর জিয়ারত করা হবে। এরপর ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত শহীদ পরিবার ও পঙ্গুত্ব বরণকারীদের সাথে সাক্ষাৎ এবং সাক্ষাৎকার গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগামী ১৬ জুলাই শহীদ আবু সাঈদের স্মরণে আলোচনা সভা এবং ১৮ থেকে ২২ জুলাই বিভিন্ন থানায় আন্দোলনের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কর্মসূচির শেষভাগে ২৩ থেকে ৩০ জুলাই পর্যন্ত এতিমদের মাঝে খাবার বিতরণ, মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির মতো সামাজিক কাজ পরিচালনা করা হবে। ৩১ জুলাই বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়ার পর আগস্টের শুরুতে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ২ থেকে ৪ আগস্ট যাত্রাবাড়ী, চানখারপুল ও সাইন্সল্যাবে স্পট ভিত্তিক সমাবেশ এবং ৫ আগস্ট সমাপনী গণমিছিলের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শেষ হবে।

















